Foreign Film Bangla Review: Hungarian Romance "On Body and Soul" (2018)



Looking for alternative romantic film? Ildiko Enyedi's "On Body and Soul"(2018) might be the perfect one
Hungarian Romantic Film "On Body and Soul" (2018)


স্বপ্নে নানান কিছু পাওয়ার আলামত থাকলেও প্রেম ও কি পাওয়া যায়? বুদাপেস্টের এক কসাইখানার দুইজন কর্মীর স্বপ্নে পাওয়া প্রেম নিয়ে জমে উঠেছে "On Body And Soul" নামক হাঙ্গেরিয়ান (2018) সিনেমা।




সুগার কোটেড টাইটেল আর ক্লিশে গল্প দেখতে দেখতে আমরা প্রেমের সিনেমার প্রতি “জানিই তো কি হবে” রকম বিতৃষ্ণা লালন করি: রোমানস্ মানে বড়লোক-গরিবের ইঁদুর বিড়াল খেলা ও মিলনাত্মক সমাপ্তি , প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে অল্প বয়স্ক মানব মানবীর পরিচয় ও পরিণয়, মাঝে কিছু সংকট ও উত্তরণ, সাথে একটু নাচ, একটু একশন আর একটু গান- এই ফর্মুলার সিনেমা কম নেই, হচ্ছেও দেদারসে। পরিচালক ইলদিক ইনিদি এইসব বাধতামূলক উপকরণ সবগুলো হাজির না করলেও এঁকেছেন মারিয়া আর এন্দ্রের অনন্য, খামখেয়ালি ও স্বকীয় মনোজগতের এক দুর্দান্ত চিত্র, বিচিত্র সংযোগের দারুন এক আখ্যান। পঞ্চাশোর্ধ এন্দ্রে কসাইখানার ফিনান্সিয়াল ম্যানেজার: নির্বিকার , গোমড়া , স্বল্পভাষী হলেও অসামাজিক নয়, বলা যেতে পারে বিশেষ ধরনের জীবনরীতিতে অভ্যস্ত একজন একাকী মানুষ যে জীবন থেকে আর খুব বেশি আশাও করে না আবার হতাশাতেও ভোগে না। অন্যদিকে সদ্য যোগ দেয়া মারিয়া অন্তর্মুখী, ওসিডিতে ভরপুর অনুভূতিপ্রবন একজন "কোয়ালিটি ইন্সপেক্টর"। ঘটনাচক্রে তারা জানতে পারে তারা দুইজন প্রতিদিন একই রকম স্বপ্ন দেখছে এবং স্বপ্নটি প্রেমের। তাদের একাকী স্বাধীন জীবনে অনুপ্রবেশকারী এই বিচিত্র যোগাযোগ কিভাবে বদলে দেয় তাদের মধ্যকার রসায়ন তাই নিয়ে এগিয়েছে প্লট। তাই সিনেমাটি মনোযোগী হয়ে পর্যবেক্ষন করে অন্তর্জগতের বিচিত্র গতি- প্ৰকৃতি। যেন প্রেম নয় বরং আত্মার আকাঙক্ষা বাস্তব রূপ না পেলে সৃষ্ট সংকটের এক নিবিড় পর্যবেক্ষন , এক সরল অন্তর্দর্শন। প্রেমে পড়লে মানুষ যেমন বুঝতে পারে তাকে কি হতে হবে তেমনি মারিয়াও ভেঙে বেরুতে চায় তার বেখাপ্পা অভ্যাস থেকে- সাথে এন্দ্রেও বদলাতে থাকে তার দীর্ঘদিনের রুটিন জীবন। স্বপ্নে পাওয়া প্রেমে তারা ধীরে ধীরে নিজেদের চারিদিকে নিজেদের দেয়াল ভাঙতে থাকে , কিন্ত ভাঙলেই কি নতুন কিছুর গড়ে উঠার প্রতিশ্রুতি থাকে? কিংবা আদৌ কি এভাবে প্রেম হয়? 

ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আন্দ্রে ও মারিয়া

কল্পনা, কর্তব্য ও বাস্তব - এই ক্লাসিক সমীকরণের সমাধানে আমাদের ব্যর্থতা কিভাবে আমাদের কে আহত করে,নিজের থেকে নিজের আলাদা করে দেয় এবং এই তিনের সম্মিলন কিভাবে আমাদের পরিপূর্ন করে, সিনেমার টাইটেল "অন বডি এন্ড সোওল" যেন এক সেই স্বর্গীয় কানেকশনের দিকে ইঙ্গিত করে। মন ও মানুষের সমন্বয় কোন সহজ ব্যাপার নয়. চিরন্তন এই সংকট ও উত্তরণ নিয়ে অন বডি এন্ড সৌল -দুটি কিম্ভুত বা অতিসাধারণ মানুষের প্রেম পূর্ব যোগাযোগের এক মিষ্টি গল্প। ভিন্ন দুটি আত্মার ভিন্ন দুটি শরীরের এক হওয়ার গল্প, যেখানে দেখানো হয়েছে কিভাবে প্রাণমনের ভিন্নতা ও সমতার মধ্যেই আমাদের যাবতীয় সুখ-দুঃখ লুক্কায়িত থাকে। 


মারিয়া ও আন্দ্রেঃ সুররিয়ালিস্ট প্রেমিক-প্রেমিকা

এক ডজনের বেশি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এই সিনেমা ১৮ সালের অস্কারের মূল আসরে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছিল "সেরা বিদেশী চলচ্চিত্র" বিভাগে . অন বডি এন্ড সল প্রাসঙ্গিক থাকবে দীর্ঘ দিন ব্যক্তির অন্তর্জগতের শৈল্পিক নকশা খোজ ,বোঝা ও ব্যাখ্যা করার জন্য যার মমতাময় নিদর্শন ছড়িয়ে আছে সিনেমাটির পরতে পরতে. যেন এটি বলতে চায় :

"মায়াবন বিহারীনি হরিনী
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারীনি। “



Comments

Popular posts from this blog

"দেবী" (২০১৮) : জয়া প্রযোজক প্রথমবার নিয়ে কিছু আলাপ,ফিরে দেখা,চেক ব্যাক

ক্যাসিনো নিয়ে আলোচিত ১০ সিনেমাঃ দেখেছেন না দেখবেন?

"আলফা"(২০১৯) নিয়ে আলাপঃ নাসির উদ্দীন ইউসুফের রেবেল উইদাউট আ কজ